রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ছয় দিন ধরে চলছে। উপগ্রহ চিত্রে যুদ্ধের ভয়ানক নানা ছবি আসছে। কয়েকটি শহরের নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। এরই মধ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাদের দীর্ঘ একটি বহর যাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি করেছে মাক্সার। এর এক দিন আগে বলা হয়েছিল, রুশ সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ। খবর রয়টার্সের।
মাক্সার টেকনোলজিস আরও বলেছে, বেলারুশের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত স্থলসেনা মোতায়েন করা হয়েছে। বোমা ফেলার কাজে ব্যবহৃত হেলিকপ্টার ইউনিটও মোতায়েন থাকতে দেখা গেছে সেখানে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে বেলারুশের ওই এলাকার অবস্থান।
মাক্সারের স্যাটেলাইট চিত্রের বরাতে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, আন্তোনভ বিমানবন্দর এলাকার পূর্ব প্রান্তে শত শত সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সরঞ্জাম বহনকারী যানের উপস্থিতি শনাক্ত হয়েছে। মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সামরিক যানগুলো ৩ দশমিক ২৫ মাইলেরও বেশি দীর্ঘ সারিতে অপেক্ষা করছে।
স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, সাম্প্রতিক বিমান হামলায় আন্তোনভ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের কাছে তুমুল লড়াই হয়েছে।

Leave a Reply